খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং ভারতীয় ১ হাজার ৬০০ রুপীসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার গভীর রাতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি টহল দল উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টায় টহল দল চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে। ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল নিয়ে ফেরার সময় সশস্ত্র চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় উভয় পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে বিজিবি নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 























