প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর পরই এই শিক্ষকদের দুই মাসের প্রশিক্ষণে পাঠানো হবে। প্রশিক্ষণ শেষে তারা শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ পাবেন।
সোমবার সুনামগঞ্জ শহরের পিটিআই ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জ একটি হাওর এলাকা হওয়ায় এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্যাচমেন্টভিত্তিক ব্যবস্থা অনুসরণ করা হয়। ফলে অন্য অঞ্চলের শিক্ষকদের এখানে সহজে নিয়োগ দেওয়া সম্ভব নয়। তিনি হাওর এলাকার শিক্ষক সংকট সমাধানে সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং এ সমস্যা নিরসনে সময় লাগার বিষয়টিও উল্লেখ করেন।
স্কুল ফিডিং কর্মসূচি নিয়েও প্রতিমন্ত্রী কথা বলেন। তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন ভিন্ন ভিন্ন খাবার দেওয়া হয় এবং এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























