ভারতের দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের রেশ না কাটতেই এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং বাইসের পদত্যাগের দাবি উঠেছে। এই আবহে রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং আম আদমি পার্টির (আপ) মধ্যে নতুন করে রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হয়েছে।
এর আগে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এই ঘটনার পর পাঞ্জাবের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী প্রশ্ন তুলেছেন, নৈতিকতার প্রশ্নে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল কবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করবেন। তিনি এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের সময়সীমাও জানতে চেয়েছেন।
বিজেপি পাঞ্জাবের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ এনেছে। এর মধ্যে রয়েছে পিএসইবি দ্বাদশ শ্রেণির ইংরেজি বোর্ড পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ পরীক্ষা। এছাড়াও, পিএসএসএসবি গ্রুপ-বি এবং কম্বাইন্ড রিক্রুটমেন্ট, নাইব তেহসিলদার ও ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষাসহ এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন ইন্সপেকশন মেধা তালিকায় ভুয়া নাম থাকার অভিযোগও তুলেছে দলটি। পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিংও গত চার বছরে রাজ্যে ছয়টি বড় ধরনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সরকারের জবাবদিহিতা চেয়েছেন।
তবে, আম আদমি পার্টি বিরোধী দলগুলোর এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দাবি করেছেন যে, গত সাড়ে চার বছরে রাজ্যে একটিও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে তিনি শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, মাত্র দুটি স্থানে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করা হয়েছিল এবং খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
আম আদমি পার্টির নেতা বলতেজ পান্নু বলেন, একটি ঘটনায় প্রার্থীরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ধরা পড়েছিলেন এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। তিনি অভিযোগ করেন, বিজেপি ও কংগ্রেস নিজেদের আমলের কেলেঙ্কারি ঢাকার জন্যই এই ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছে।
রিপোর্টারের নাম 



















