বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ২৪ জন সাবেক নেতা-কর্মী জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)-তে যোগদান করেছেন। এদের মধ্যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, এবি পার্টি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মতো সংগঠনের সাবেক কর্মীরা রয়েছেন।
গতকাল শনিবার শ্যামল বাংলা রিসোর্টে অনুষ্ঠিত জেডিপির জাতীয় সমন্বয় সভায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। নতুন যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল্লাহ নোমান, ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাঈম আল ইসলাম, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাবের আহমেদ ও সাজ্জাদ খান, এবি পার্টির সাবেক নেতা নাফিজ ইমতিয়াজ শিমুল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা মো. সারোয়ার মোরশেদ, জহিরুল ইসলাম অমি ও আবদুল হামিদ। এছাড়াও সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম এবং শফিকুল ইসলাম সুমন, ইঞ্জিনিয়ার মুতাসিম বিল্লাহ, নেছার উদ্দিন, মাহমুদুল ইসলাম সাগর, মানিষা আক্তার শ্রুতি, শেহনাজ রশিদ খান, ফুয়াদ জামান, মোহাম্মদ ইসরাফিল আমিন, জান্নাতুল ফেরদৌস সোমা, জিহাদুল ইসলাম, মো: শাহ পরান সায়েম, মোঃ তারেকুল ইসলাম, মাহফুজ ইসলাম প্রমুখ জেডিপিতে যোগ দিয়েছেন।
বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা ও সামাজিক গণতন্ত্রের আদর্শকে ভিত্তি করে গত ৩ এপ্রিল জেডিপি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবযোগদানকারীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে শিগগিরই দলের বিভিন্ন স্তরে সম্মানজনক দায়িত্ব প্রদান করা হবে।
রিপোর্টারের নাম 























