আলোচিত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলসহ তিনজনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগ এনে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন ডিপজলের আপন খালাতো ভাই এবং এ.ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার।
রোববার, ২৬ জুলাই, দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এই মামলাটি দায়ের করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অপর দুই আসামি হলেন ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকন।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, আজিজুর রহমান টাইগারের সুনাম, সুখ্যাতি, ব্যবসায়িক সফলতা এবং দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। এরই ধারাবাহিকতায়, গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি আজিজুর রহমান টাইগারের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও অভিযোগ করা হয় যে, টাইগারের নির্দেশে ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ, সাইদুর রহমানসহ প্রায় ১০-১৫ জন ব্যক্তি তাদের (ডিপজলের) ভাড়া দেওয়া নাভানা সিএনজি স্টেশনে জোরপূর্বক সাইনবোর্ড ভেঙ্গে নিজেদের নামে লাগানোর চেষ্টা করে। তারা জমির মালিকানা দাবি করে এবং পরবর্তী মাস থেকে ভাড়া আদায়েরও চেষ্টা করে। তবে, জিডির তদন্তে পুলিশের কাছে টাইগারের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পরদিনই ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেন।
মামলার বাদী দাবি করেছেন যে, নাভানা সিএনজি স্টেশনের সম্পত্তির মালিক তিনি নিজেই। ডিপজল সম্পত্তিটি নিজের দাবি করে তাকে সমাজে হেয় করার চেষ্টা করেছেন। শুধু ফেসবুক পোস্টেই ক্ষান্ত হননি ডিপজল, বরং টেলিভিশন, বিভিন্ন পত্রিকা এবং অনলাইন নিউজপোর্টালেও বিষয়টি প্রচার করে তার সামাজিক সম্মানহানি করেছেন এবং ব্যবসায়িক সুনাম নষ্ট করে কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন।
রিপোর্টারের নাম 






















