প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এই সিদ্ধান্ত জানান। এর আগে গত ১২ জুলাইও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আলমগীর হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ জুন এই মামলায় আত্মসমর্পণ করলে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তবে, একই মামলার অন্য আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী বর্তমানে জামিনে রয়েছেন। এর আগে, সমন অমান্য করার অভিযোগে গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গত ১০ মে আদালতে মামলাটি দায়ের করেছিলেন সৈয়দ আসাদুজ্জামান। ওইদিনই আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত তারিখে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এই মামলায় পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং তাদের সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।
রিপোর্টারের নাম 



















