বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া পর্যটক জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুই দিন পর রোববার (২৬ জুলাই) সকালে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন নদীর পাড়ে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, মরদেহটি থানায় নিয়ে আসার পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তিন্দু এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেলে জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। এরপর থেকে স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। ২৫ জুলাই দুপুরে চট্টগ্রাম থেকে আসা তিন সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের আটজন সদস্য উদ্ধার অভিযানে অংশ নিলেও সেদিন নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























