ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সন্ধ্যায় দিল্লিতে সরকার-সিজেপি যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। প্রশ্নফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল আন্দোলনকারীদের প্রধান দাবি।
সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। সিজেপির নেতারা জানান, সরকারের পক্ষ থেকে তাদের একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌরভ দাস বলেন, সরকারের কাছে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা (এফআইআর) প্রত্যাহার, ভবিষ্যতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং এনইইটি (নিট) প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সম্মতি মিলেছে। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
আশুতোষ রাঙ্কা বলেন, টানা ৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি গ্রহণ করেছে। আমাদের দাবিগুলো মৌলিক ছিল, কোনোভাবেই অযৌক্তিক ছিল না। আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের স্থান ত্যাগের আহ্বান জানায় পুলিশ। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন, বাজারে ক্রেতা কমে যাওয়া এবং কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
সৌরভ দাস জানান, সিজেপি আত্মহত্যাকারী ভুক্তভোগীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরিবারগুলোকে সম্মানসূচক সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পাঁচ দফা দাবিপত্রও সরকারের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রায় চার সপ্তাহ পর আবারো সরকারের সঙ্গে বৈঠক হবে বলে জানান তিনি। গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচির পর দিল্লিসহ বিভিন্ন বিজেপি-শাসিত ও বিজেপি-সমর্থিত রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সিজেপির দাবি, সরকার এসব মামলাও প্রত্যাহারে সম্মত হয়েছে।
রিপোর্টারের নাম 





















