জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র ‘মাস্তুল’ দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন। সিনেমাটির অভিনয়, নির্মাণশৈলী এবং হৃদয়গ্রাহী গল্প বলার ভঙ্গির প্রশংসা করার পাশাপাশি তিনি দেশীয় চলচ্চিত্রের পাশে দাঁড়ানোর জন্য দর্শকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার প্রদর্শনীতে সিনেমাটি দেখার পর বাঁধন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, “আজ একটা অসাধারণ চলচ্চিত্র দেখলাম—‘মাস্তুল’। কী দুর্দান্ত অভিনয় সবার!” একজন অভিনেত্রী হিসেবে তার প্রথম মনোযোগ অভিনয়ের দিকেই যায় বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ করে অভিনেতা ফজলুর রহমান বাবুর অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বাঁধন বলেন, “বাবু ভাই প্রায় কোনো সংলাপই বলেননি। কিন্তু তার প্রতিটি অনুভূতি, প্রতিটি দৃষ্টি, প্রতিটি নীরবতা এত নিখুঁতভাবে প্রকাশ করেছেন যে আমি চরিত্রটার ভেতরের সবকিছু অনুভব করতে পেরেছি। অভিনয় যে শুধু সংলাপের ওপর নির্ভর করে না, সেটা তিনি আবারও প্রমাণ করলেন।” তিনি আমিনুর রহমান মুকুল, দীপক সুমনসহ অন্যান্য শিল্পীদের এবং বিশেষ করে শিশুশিল্পী আনাইরার ‘নূরা’ চরিত্রে অভিনয়েরও প্রশংসা করেন।
নির্মাণশৈলী প্রসঙ্গে বাঁধন মন্তব্য করেন, “সিনেমাটা দেখার সময় আমি যেন সত্যিই সেই জাহাজে, সেই মানুষগুলোর সঙ্গে বসবাস করছিলাম। এটাই তো সিনেমার সবচেয়ে বড় সার্থকতা।” তিনি দর্শকদের প্রতি দেশি-বিদেশি সব ধরনের চলচ্চিত্র দেখার পাশাপাশি দেশের সিনেমার পাশে থাকার অনুরোধ জানান। বাঁধন বলেন, “আমাদের নির্মাতারা সীমিত বাজেট ও অসংখ্য প্রতিকূলতার মধ্যেও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই পারে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিতে।”
গত ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘মাস্তুল’ সিনেমাটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করেছে। নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবন নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদেরও গভীরভাবে স্পর্শ করবে বলে বাঁধন বিশ্বাস করেন।
রিপোর্টারের নাম 

























