চট্টগ্রামের মিরসরাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মাস্টারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সালাউদ্দিন মোটরসাইকেলে করে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বরে পৌঁছালে একটি ট্রাক ও পিকআপের মাঝে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, সালাউদ্দিনের মৃত্যুতে উপজেলা যুবদল পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























