টানা অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, প্রবল বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রথমে কয়েক দফায় স্থগিত করা হয়। পরবর্তীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সড়ক যোগাযোগ ব্যবস্থার মারাত্মক বিপর্যয় এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে বোর্ড অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিল।
বোর্ডের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী স্থগিত থাকা অবশিষ্ট পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আগামী ২৭ জুলাই পৌরনীতি ও সুশাসন ১মপত্র, জীববিজ্ঞান তত্ত্বীয় ১মপত্র, খাদ্য ও পুষ্টি ১মপত্র এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১মপত্র পরীক্ষা দিয়ে এই কার্যক্রম শুরু হবে। ধারাবাহিকতায় সকল শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে পূর্বে প্রকাশিত রুটিন অনুযায়ী অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে আগামী ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু হচ্ছে। স্থগিত হয়ে যাওয়া ব্যবহারিক পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী, কেন্দ্রসচিব, কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























