সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের জন্য রেসিডেন্সি পারমিট বা ইকামা নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে গৃহকর্মীদের ইকামা তিন মাস মেয়াদের জন্যও নবায়ন করা যাবে। এর ফলে নিয়োগকর্তাদের ওপর থেকে এককালীন মোটা অঙ্কের ফি পরিশোধের চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে এই ডিজিটাল সেবা চালু করেছে।
আগের নিয়ম অনুযায়ী, গৃহকর্মীদের ইকামার জন্য কমপক্ষে এক বা দুই বছরের ফি একসঙ্গে জমা দিতে হতো। নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা তাদের আর্থিক সক্ষমতা অনুযায়ী ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ কিংবা ২৪ মাসের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। সরকারি প্ল্যাটফর্ম ‘আবশের’ ও ‘মুসানেদ’-এর মাধ্যমে ঘরে বসেই এই সুবিধা নেওয়া যাবে।
সৌদি কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সরকারি সেবাগুলোকে আরও আধুনিক ও জনবান্ধব করা। বিশেষ করে নিয়োগকর্তাদের আর্থিক সুবিধা এবং গৃহস্থালি কাজের বৈচিত্র্যময় চাহিদার কথা মাথায় রেখেই এই ডিজিটাল রূপান্তর আনা হয়েছে। এর ফলে প্রবাসী শ্রমিকদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা আরও সহজতর হবে।
রিপোর্টারের নাম 

























