পর্তুগালে রাইড শেয়ারিং খাতে নতুন আইন পাশের ফলে উবার ও বোল্টের চালকদের জন্য পর্তুগিজ ভাষা জানা বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার দেশটির পার্লামেন্টে এই আইনটি অনুমোদিত হয়। লিসবন ও পোর্তো শহরে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি অভিবাসী চালক এই নতুন নিয়মের কারণে সংকটে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ তাদের আয়ের প্রধান উৎস এই রাইড শেয়ারিং খাত।
পর্তুগালে উন্নত আয়ের আশায় অনেক প্রবাসী বাংলাদেশি উবার ও বোল্টের মতো প্ল্যাটফর্মে চালক হিসেবে কাজ শুরু করেছিলেন। এই পেশা থেকে উপার্জিত অর্থ দিয়েই তারা তাদের পরিবারের ভরণপোষণ করে আসছিলেন। তবে, নতুন এই বিধিনিষেধ তাদের কর্মজীবনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও ডানপন্থি শেগা দলের যৌথ সমর্থনে পাস হওয়া এই আইন অনুযায়ী, এখন থেকে রাইড শেয়ারিং চালকদের অবশ্যই পর্তুগিজ ভাষা শিখতে হবে। এছাড়াও, চালকদের ড্রাইভিং প্রশিক্ষণের সময় ন্যূনতম ৫০ ঘণ্টা করা হয়েছে এবং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে অন্তত ২৭ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। নতুন নিয়মে যাত্রীরা চাইলে অ্যাপের মাধ্যমে পর্তুগিজ ভাষায় দক্ষ চালক বেছে নেওয়ার সুযোগ পাবেন, যা ভাষা না জানা চালকদের রাইড পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে ফেলতে পারে।
প্রতারণা রোধে রাইড শেয়ারিং গাড়িতে স্থায়ী ডিজিটাল স্টিকার ব্যবহারের বিধান রাখা হয়েছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্য অডিও ছাড়া শুধুমাত্র ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























