মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি, অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মালিকানাধীন ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের মনিটরিং শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
লাইসেন্স বাতিল হওয়া এজেন্সিগুলোর মধ্যে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানসহ সাবেক এমপি বেনজীর আহমেদ, নিজাম উদ্দিন হাজারী এবং ব্যবসায়ী নূর আলীর মতো প্রভাবশালী ব্যক্তিদের প্রতিষ্ঠান রয়েছে। পল্টন থানায় দায়ের করা একটি মানবপাচার মামলায় এই এজেন্সিগুলোর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী লাইসেন্সের শর্ত ভঙ্গ এবং ফৌজদারি অপরাধে জড়িত থাকায় জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচারের যে অভিযোগ উঠেছে, তা নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















