ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর থেকে ভুলতা-গাউছিয়া পর্যন্ত অংশে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে প্রশস্তকরণ ও চার লেনে উন্নীত করার কাজ। এমনকি অনেক স্থানে সার্ভিস লেনের পাকা কাজও সম্পন্ন করা হয়েছে খুঁটি অপসারণ ছাড়াই, যা স্থানীয় বাসিন্দা, চালক ও যাত্রীদের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। সড়কের মাঝখানে থাকা শতাধিক বিদ্যুতের খুঁটি অপসারণে কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
জানা গেছে, এশিয়ান হাইওয়ের গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের দুই পাশের সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার কাজ ২০১৯ সালে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের অধীনে শুরু হয়। ভূমি অধিগ্রহণ ও নির্মাণ ব্যয়সহ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭২৩ কোটি ৭৯ লাখ টাকা। নানা জটিলতায় গত সাত বছর ধরে ধীরগতিতে কাজ চললেও, চলতি বছরের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন কাজ শুরু হলেও নিরাপত্তার বিষয়টি একেবারেই উপেক্ষিত। বন্দর উপজেলার বাসিন্দা সেলিম ও দ্বীন ইসলাম বলেন, সড়ক নির্মাণে আমরা খুশি, কিন্তু সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে কাজ চলায় তা ভয়াবহ বিপদের কারণ হতে পারে। এখনই এগুলো না সরালে পরে কর্তৃপক্ষ আর গুরুত্ব দেবে না। প্রাইভেটকার চালক মিজানুর রহমান জানান, দেশের অনেক হাইওয়েতে গাড়ি চালালেও এমন দৃশ্য তিনি আগে দেখেননি। এই সড়কে পণ্যবাহী ভারী যানবাহন দ্রুত গতিতে চলাচল করে, ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি।
ঢাকা বাইপাস সড়কের উন্নয়ন প্রকল্পের রি-সেটেলমেন্ট অফিসার ফারদিন ইমাম এ বিষয়ে বলেন, বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য পল্লী বিদ্যুৎ বিভাগকে একাধিকবার চিঠি ও মৌখিকভাবে জানানো হয়েছে। তাদের গাফিলতির কারণে নির্মাণকাজও ধীরগতি হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
রিপোর্টারের নাম 





















