চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
আদালত চলাকালে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাতের জবানবন্দি রেকর্ড করা হয়। সাক্ষ্য দেওয়ার সময় তিনি বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তার বর্ণনায় আদালতকক্ষে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি এবং অন্যান্য আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সশরীরে আদালতে হাজির করা হয়।
বাদীপক্ষে আইনজীবীরা জানান, মামলার ৩৯ জন আসামির মধ্যে ২৭ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং ১২ জন পলাতক। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরা ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই বিচার কাজ শেষ করার দাবি জানিয়েছেন আইনজীবীরা।
রিপোর্টারের নাম 























