ভারতের রাজধানী দিল্লিতে সংসদ অভিমুখে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এই ঘটনার পর দলটির প্রধান অভিজিৎ দীপকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার সিজেপি এই তথ্য নিশ্চিত করেছে।
সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে সংসদ সদস্যদের প্রতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে তিনি নিশ্চিত করেন যে, তাদের নেতা দীপকে পুলিশ আটক করেছে।
পূর্বঘোষিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার সিজেপি সমর্থক দিল্লিতে জড়ো হয়েছিলেন। তবে দিল্লি পুলিশ যুবনেতৃত্বাধীন এই দলটির সংসদ অভিমুখে পদযাত্রার অনুমতি দেয়নি। আন্দোলনকারীরাও তাদের কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শনিবার অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে হাসপাতালে ভর্তি করার পর এই আন্দোলন নতুন গতি পায়। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে নির্ধারিত এই পদযাত্রাকে কেন্দ্র করে শত শত সমর্থক আগে থেকেই আন্দোলনস্থলে জড়ো হয়েছিলেন।
রিপোর্টারের নাম 























