বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে দেশে মাদকের যে ভয়াবহ বিস্তার ঘটেছে, তা থেকে বাংলাদেশকে উদ্ধার করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন যে, মাদককে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এটিকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরও অভিযোগ করেন যে, অতীতের সরকারে আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিরা মাদকের সঙ্গে জড়িত ছিলেন।
সোমবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের প্রতিটি স্তরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই ভেঙে যাওয়া সমাজকে পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদের বয়ানে এবং মন্দিরে ধর্মীয় আলোচনায় মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখতে হবে, যাতে প্রতিটি পরিবার ও তরুণ মাদকের কুফল সম্পর্কে জানতে পারে। তিনি আরও বলেন যে, শুধু আইন প্রয়োগ করে মাদক বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, তরুণদের জন্য কর্মসংস্থান এবং খেলাধুলার পরিবেশ তৈরি করা। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে, যা যুব সমাজকে খেলাধুলায় ব্যস্ত রেখে হতাশা ও মাদক থেকে দূরে রাখতে সহায়ক হবে।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
রিপোর্টারের নাম 























