হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার রাতে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল মিয়া (৩৯), শিপন মিয়া (২৫) ও অহিবুর রহমান (২৫)।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১৯ জুন রাতে গাজীপুরের এক ব্যবসায়ী তার পরিবার নিয়ে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে মাধবপুরের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে পুলিশের পোশাক পরা ১০-১২ জনের একদল ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের মারধর করে নগদ ৯৩ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং তাদের ব্যক্তিগত গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে মামলা করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























