দিনাজপুরের হিলিতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। টাকা আনার কথা বলে দুই মেয়েকে রাস্তার পাশে বসিয়ে রেখে কোলের শিশুকে নিয়ে চলে গেছেন এক মা। দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি ফিরে না আসায় শিশু দুটি কান্নায় ভেঙে পড়ে। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে হিলি স্থলবন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে। বর্তমানে সাত বছর বয়সি মিমি ও তিন বছর বয়সি জান্নাতি হাকিমপুর থানার পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয়রা জানান, সকাল থেকে রাস্তার পাশের একটি ভবনের বারান্দায় বসে ছিল শিশু দুটি। তাদের মা টাকা নিয়ে আসার কথা বলে রেখে গেলেও দুপুর পর্যন্ত আর ফিরে আসেননি। পরে শিশু দুটির কান্না দেখে আশপাশের মানুষ এগিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে জানান।
উদ্ধার হওয়া শিশু মিমি জানায়, ‘আম্মু টাকা নিয়ে আসবে বলে আমাদের এখানে বসিয়ে রেখে গেছে। সকাল থেকে বসে আছি। মা আর আসেনি। আমরা মায়ের কাছে যেতে চাই।’ সে আরও জানায়, তার বাবার নাম জীবন এবং মায়ের নাম শাহনাজ। স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, সকাল থেকেই শিশু দুটি সেখানে বসে ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পার হলেও তাদের মা ফিরে আসেননি। তারা শিশু দুটিকে খাবার কিনে দিলেও তারা কিছু খায়নি, শুধু মা-মা বলে কাঁদছিল। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বুঝতে না পেরে পুলিশকে খবর দেওয়া হয়।
আরেক বাসিন্দা জোসনা বেগম বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি দুই শিশুকে কান্নাকাটি করতে দেখেন। কাছে গিয়ে জানতে চাইলে তারা জানায়, তাদের মা বাসে করে চলে গেছেন। বাবার সঙ্গে ঝগড়ার কারণে তাদের রেখে গেছেন বলেও শিশুরা জানিয়েছে। খবর পেয়ে হাকিমপুর থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে প্রাথমিকভাবে জানা গেছে, শিশুদের বাবা মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে বাড়িতে থাকেন না। তিন সন্তান নিয়ে সংসার চালাতে না পেরে তাদের মা শিশু দুটিকে সেখানে রেখে চলে গেছেন বলে জানা গেছে। তিনি বলেন, এটি একটি মানবিক বিষয়। আমরা শিশু দুটির নানা বা দাদার পরিবারের সদস্যদের খুঁজে বের করে তাদের জিম্মায় দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি তাদের স্বজনদের সন্ধানেও কাজ চলছে।
রিপোর্টারের নাম 




















