সরকারি চাকরিজীবীদের জন্য প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হচ্ছে। সম্প্রতি জাতীয় বেতন কমিশন সুপারিশ প্রণয়ন কমিটির ষষ্ঠ বৈঠকে নতুন স্কেলের খসড়া পর্যালোচনার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন কাঠামো নিয়ে সরকার অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আর্থিক প্রভাব ও বাস্তবায়নের সময়সূচি নিয়ে আরও বিশদ বিশ্লেষণের প্রয়োজন হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েকটি বৈঠকের প্রয়োজন পড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে সরকারের মূল লক্ষ্য হলো নতুন বেতন কাঠামোটি ২০২৬-২৭ অর্থবছর থেকে কার্যকর করা। প্রস্তাবিত নতুন কাঠামোতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত ৬০ থেকে ৭০ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেড পর্যন্ত ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মূল বেতন বৃদ্ধির বিষয়টি খসড়ায় গুরুত্ব পাচ্ছে। তবে চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পরই এর প্রকৃত রূপরেখা স্পষ্ট হবে। নতুন স্কেল কার্যকর হলে বর্তমানের অন্তর্বর্তী বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























