জামালপুরের মেলান্দহে অবৈধ কাগজপত্রবিহীন একটি পেট্রোলবোঝাই লরি জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে, অকটেনে রং মিশিয়ে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাউডার রং, অকটেন ও পেট্রোলের নমুনা জব্দ করা হয়েছে। তবে জ্বালানিতে ভেজাল রয়েছে কি না, তা পরীক্ষাগারের প্রতিবেদনের পরই নিশ্চিত হওয়া যাবে।
সোমবার দুপুরে উপজেলার রাবেয়া স্কুলসংলগ্ন নাংলা রোডের হাসি-খুশি এন্টারপ্রাইজে এই অভিযান চালানো হয়। এ সময় তেল ব্যবসায়ী মো. আইয়ুবের দোকানের সামনে থেকে পেট্রোলবোঝাই লরিটি জব্দ করে মেলান্দহ থানায় নিয়ে যাওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পেট্রোলে রং মিশিয়ে তা অকটেন হিসেবে বিক্রির অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দোকান থেকে পাউডার রং, অকটেন ও পেট্রোল জব্দ করা হয়, যা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান জানান, অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে এবং একটি পেট্রোলবোঝাই লরি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, লরিটি কোথা থেকে এসেছে এবং কীভাবে জ্বালানি আনা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টরা কোনো বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি। মালিককে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। তিনি আরও জানান, জব্দ করা পাউডার রং, অকটেন ও পেট্রোল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষায় জ্বালানিতে ভেজাল বা অন্য কোনো অনিয়মের প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 






















