চট্টগ্রাম নগরের চকবাজার-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিদের হামলা, ব্যাপক ভাঙচুর এবং নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, হামলায় প্রায় ৩৫ লাখ টাকা খোয়া গেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিডিএন নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে এ বিষয়ে চকবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. রবিউল হোসেন রাকিব জানান, ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল কার্যালয়ে প্রবেশ করে কর্মীদের ভয়ভীতি দেখিয়ে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা অফিসে থাকা প্রায় ৩৫ লাখ টাকা নগদ নিয়ে যায়, যা প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি।
রবিউল হোসেন আরও বলেন, এই হামলার আগে একটি চাঁদাবাজ চক্র তাদের কাছে দুই কোটি টাকা দাবি করেছিল। তিনি সন্দেহ করছেন, এই চাঁদাবাজির দাবির সঙ্গে বর্তমান হামলার ঘটনার সম্পর্ক থাকতে পারে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ডিডিএন নামের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 






















