টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। বসতঘরে হাঁটু থেকে কোমর সমান পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম মানবেতর পরিস্থিতির শিকার হচ্ছেন কয়েকশ পরিবার। দীর্ঘদিন ধরে স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী রাজপথে নেমেছেন।
রোববার সকালে সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় আবুল খায়ের স্টিল কারখানার প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় নারী-পুরুষ। কয়েক ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে কারখানার পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পাহাড়ি ছড়ার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা এবং কারখানার প্রয়োজনে যত্রতত্র বাঁধ দেওয়ার কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া শিল্পকারখানার ভারী যানবাহন চলাচলের ফলে স্থানীয় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, অনেক পরিবারের বসতঘরে এখনো পানি জমে থাকায় তারা মানবেতর দিন কাটাচ্ছেন। দিনমজুর ও কৃষকরা কাজে যেতে পারছেন না, তলিয়ে গেছে আবাদি জমি। এলাকাবাসীর দাবি, জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা।
রিপোর্টারের নাম 

























