চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রবিবার তিনি নগরীর চান্দগাঁও, মোহরা এবং দক্ষিণ কাট্টলি এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান। প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং বিশুদ্ধ পানির সংকট ও খাদ্য সহায়তাসহ জরুরি সেবার বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন অনাহারে না থাকে, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ ও ড্রেনেজ শাখা মাঠপর্যায়ে কাজ করছে। পানিবন্দি মানুষের দুর্ভোগ কমাতে কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। ত্রাণ কার্যক্রমে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
রিপোর্টারের নাম 
























