তামিল সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগন’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অগ্রিম টিকিট বিক্রির শুরুতেই ব্যাপক সাড়া মিলেছে, যা ছবিটিকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাসেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি সিনেমাটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রশংসাপত্র বোর্ড (সিবিএফসি) থেকে প্রদর্শনের ছাড়পত্র পেয়েছে। আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
এদিকে, যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, সিনেওয়ার্ল্ড-এর মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, দেশজুড়ে বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে। পরিবেশক সংস্থার দাবি, বিজয়ের শেষ অভিনীত সিনেমা হিসেবে বিবেচিত হওয়ায় দর্শকদের আগ্রহও তুলনামূলকভাবে বেশি।
অভিনয়জীবন থেকে সরে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর ‘জন নায়াগন’-কেই বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ফলে দেশ-বিদেশে তার ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা ও উন্মাদনা।
রিপোর্টারের নাম 

























