প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাকে সশরীরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ‘অ্যাপোনিয়া’ নামক একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শর্ত ছিল তিনি শাড়িটির প্রচারণা (প্রমোশন) করবেন। কিন্তু প্রচারণা না করে কিংবা শাড়ির মূল্য পরিশোধ না করে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে বাদীপক্ষ অভিযোগ করেছে। এই ঘটনার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত সমন জারির সিদ্ধান্ত নিয়েছেন। তবে তানজিন তিশা ইতিপূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন যে, ওই শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। বর্তমানে মামলাটি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
রিপোর্টারের নাম 

























