অভিনয় জগতের এক সময়ের জনপ্রিয় মুখ তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, টনি ডায়েস ও প্রিয়া ডায়েস এখন সুদূর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি টনি ও প্রিয়া ডায়েসের দাম্পত্য জীবনের ২৫ বছর বা রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চার তারকাকে আবারও একই ফ্রেমে দেখা গেল। বর্ণাঢ্য এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি তারকাদের এক মিলনমেলা বসেছিল।
দীর্ঘ ২৫ বছরের পথচলা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করে টনি ডায়েস বলেন, ক্যামেরার সামনে অসংখ্য গল্প বললেও নিজেদের জীবনের এই ভালোবাসার গল্পটিই সবচেয়ে সুন্দর। দেশ ও সময় বদলে গেলেও পুরনো দিনের শুটিং, রিহার্সেল ও স্টুডিওর স্মৃতিগুলো আজও অমলিন। বন্ধু ও প্রিয়জনদের উপস্থিতিতে এই আয়োজনটি কেবল একটি বিবাহবার্ষিকী উদযাপন নয়, বরং বহু বছরের বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতির এক মিলনমেলায় পরিণত হয়েছে।
অনুষ্ঠানে তৌকীর-বিপাশা দম্পতি ছাড়াও উপস্থিত ছিলেন তানিয়া আহমেদ, দিনাত জাহান মুন্নী, রুমানা, তমালিকা কর্মকারসহ আরও অনেক জনপ্রিয় তারকা। উল্লেখ্য, টনি ডায়েস ও বিপাশা হায়াত অভিনীত একাধিক নাটক এক সময় দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল। বর্তমানে তারা প্রবাসে থাকলেও দেশের শিল্প ও সংস্কৃতির প্রতি তাদের টান আজও অটুট।
রিপোর্টারের নাম 
























