লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের ঐতিহ্যবাহী বুড়িরহাট-বাজার সরকারি জায়গা দখলদারদের সিন্ডিকেটের কবলে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন হাটের ইজারাদার। পহেলা বৈশাখ থেকে পরবর্তী এক বছরের জন্য সরকারি ভ্যাট-ট্যাক্সসহ মোট ১৭ লাখ ৪০ হাজার টাকায় বুড়িরহাটটি ইজারা নেন সাইফুজ্জামান ফারুক। কিন্তু হাটের দায়িত্ব বুঝে নিতে গিয়ে তিনি দেখতে পান, কাঁচাবাজার, গরুর হাট, মুরগির বাজার ও সাইকেলের হাটের জন্য নির্ধারিত মূল জায়গাগুলো সম্পূর্ণ বেদখল হয়ে গেছে।
সেখানে নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠেছে স্থায়ী দালান, মুরগির খামার, টিনশেড ঘর ও দোকানপাট। এমনকি সরকারি এই জায়গা অবৈধভাবে দখল করে লাখ লাখ টাকা জামানত নিয়ে অন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়ারও তথ্য মিলেছে। ফলে সরকারি নিয়ম অনুযায়ী হাটে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণের সুযোগ না থাকলেও, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতাকে কাজে লাগিয়ে এখানে দখলের মহোৎসব চলেছে। বর্তমানে মূল জায়গা না পেয়ে বাধ্য হয়ে অন্যের জায়গা ভাড়া নিয়ে হাট পরিচালনা করতে হচ্ছে ইজারাদারকে, যার কারণে তিনি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং সরকারও বিপুল রাজস্ব হারাচ্ছে।
হাটের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন দোকানের ভাড়াটিয়া ও মালিকদের সঙ্গে কথা বলে এই অনিয়মের সত্যতা মিলেছে। মুরগির খামারের ভাড়াটিয়া আনিসুর রহমান জানান, তিনি আগের হাট কালেক্টরের কাছ থেকে মাসে ৫০০ থেকে ১০০০ টাকা ভাড়ায় দোকানটি নিয়েছেন। ১ লাখ ২০ হাজার টাকা জামানত দিয়ে পাঁচ বছরের চুক্তিতে দোকান নেওয়া। সেলুন মালিক বিমল দেবদাস জানান, জায়গাটি ফাঁকা পেয়ে তিনি নিয়েছিলেন, তবে পরে জেনেছেন এটি হাটের জায়গা। অন্যদিকে, মুদি দোকানদার আব্দুর রাজ্জাক মালামালের নিরাপত্তার স্বার্থে অবৈধ জেনেও সেখানে শেডঘর তৈরি করার কথা স্বীকার করেছেন।
এই দখলদারিত্বের পাশাপাশি বাজারে চরম পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। হাটের বর্জ্য নিষ্কাশনের প্রধান ড্রেনগুলোর ওপর অবৈধ স্থাপনা তৈরি করায় ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে। প্রতিদিন জবাই করা গরুর রক্ত ও বর্জ্য উন্মুক্ত স্থানে ফেলায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এতে করে হাটের চারপাশের বসতবাড়ির বাসিন্দারা চরম স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দা শারমিন আক্তার ক্ষোভ প্রকাশ করে জানান, স্বামীহীন সংসারে সন্তুষ্টি খুঁজে পাওয়া কঠিন।
রিপোর্টারের নাম 






















