দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে আগামী সেপ্টেম্বর মাস থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চালানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। বহরে থাকা বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে এই রুটের কার্যক্রম পরিচালিত হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, কাঠমান্ডু রুটে পুনরায় ফেরার সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। খুব শিগগিরই ফ্লাইটের চূড়ান্ত সময়সূচিসহ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, ইউএস-বাংলা এই রুটে ফেরায় যাত্রীসেবার মান বাড়বে এবং ভাড়ার ক্ষেত্রেও ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে। বিশেষ করে পর্যটক ও ব্যবসায়ীদের জন্য এটি নতুন বিকল্প তৈরি করবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ার পর এই রুটে তাদের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। সেই ভয়াবহ দুর্ঘটনায় ৫১ জন প্রাণ হারিয়েছিলেন। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক এই রুটে ফেরার সিদ্ধান্তকে ইউএস-বাংলার নেটওয়ার্ক সম্প্রসারণের বড় অংশ হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 
























