ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দু’পাশে জমে থাকা বৃষ্টির পানি এবং ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন। শুক্রবার জুমার নামাজের পর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শনকালে তিনি সিটি কর্পোরেশনের কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশেপাশের দোকানদারদের ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানান। এরপর তিনি মিরপুর-১২ এর ৬ নং কাঁচা বাজার এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিনে পরিদর্শন করেন। কাঁচা বাজারে ফেলে রাখা ময়লা-আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
তাৎক্ষণিকভাবে দোকানদারসহ সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার সমাধানের নির্দেশনা দেন প্রশাসক। তিনি জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























