টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে দুর্গম হয়ে পড়া পথ পেরিয়েও বান্দরবানে দুর্গত মানুষের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। দুর্যোগের ঝুঁকি উপেক্ষা করে মাঠপর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এসব সংস্থার সদস্যরা।
টানা কয়েক দিনের ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হলেও উদ্ধার ও সচেতনতামূলক কার্যক্রম থেমে নেই। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পৌর কর্তৃপক্ষ এবং কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা দুর্গত এলাকায় গিয়ে মাইকিং ও সরাসরি প্রচারণার মাধ্যমে জনগণকে সতর্ক করছেন।
বিশেষ করে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পাহাড়ি টিলা, খাড়া ঢাল এবং নদী-খাল সংলগ্ন নিচু এলাকায় বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে চলে যেতে জনগণকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় দিনভর প্রচারণা অব্যাহত রয়েছে।
মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, অনেক মানুষ এখনও নিজ নিজ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছেন। তাই তাদের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বোঝাতে এবং জীবন রক্ষায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে পরিচালিত এই মাঠপর্যায়ের সচেতনতামূলক প্রচারণা স্থানীয় মানুষের মধ্যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টারের নাম 
























