বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করতে নতুন একটি প্যাকেজ ভিসা পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই অভিনব ব্যবস্থায় পর্যটকরা একটি সমন্বিত ট্রাভেল প্যাকেজের অংশ হিসেবেই পর্যটন ভিসা, বিমান টিকিট, আবাসনসহ ভ্রমণের প্রয়োজনীয় সব সেবা পাবেন। গতকাল মঙ্গলবার গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এই পরীক্ষামূলক কার্যক্রম প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত হবে। নতুন এই প্যাকেজের আওতায় ভ্রমণকারীরা একসঙ্গে আসা-যাওয়ার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন।
এছাড়াও, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও অভিজ্ঞতা প্যাকেজের সঙ্গে যুক্ত করার সুযোগ থাকবে। এর ফলে পর্যটকদের আলাদাভাবে ফ্লাইট, হোটেল কিংবা ভিসার জন্য আবেদন করার প্রয়োজন হবে না। তবে এই সুবিধা কেবল সেসব অনুমোদিত ট্রাভেল এজেন্সিই দিতে পারবে, যাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং সার্বক্ষণিক গ্রাহকসেবা রয়েছে।
সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
এর আগে সৌদি আরব ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসার মতো একাধিক সহজীকৃত প্রবেশব্যবস্থা চালু করেছিল। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৫ সালে দেশটিতে দুই কোটি ৯০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেছেন।
এ বিষয়ে সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা ব্যবস্থার মাধ্যমে পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ, স্মার্ট ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের অংশীদারদের সক্ষমতা বাড়াতে এবং সৌদি আরবকে আরও আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।
সরকার আশা করছে, এই উদ্যোগ বিদেশি পর্যটকদের দীর্ঘ সময় অবস্থান, বেশি পর্যটন কার্যক্রমে অংশগ্রহণ এবং দেশটিতে ব্যয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 

























