‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও গাছের চারা বিতরণ এবং পরিবেশ সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
নীলফামারী প্রতিনিধি জানান, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরেন এবং এটি মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানের বাস্তবতা। এই সংকট মোকাবিলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, অধিক হারে বৃক্ষরোপণ, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন— সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশদূষণ রোধে শিল্পকারখানাগুলো যাতে পরিবেশগত বিধিমালা মেনে চলে, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৪ শিশুর হাতে গাছের চারা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়।
রিপোর্টারের নাম 


















