পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। তিন সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবাল।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা এবং চলমান কর্মসূচি সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এই শিক্ষা বিনিময় উদ্যোগকে স্বাগত জানিয়ে দুই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
একই দিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পাকিস্তান সরকার প্রদত্ত ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ কর্মসূচির আওতায় আগ্রহী শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী অঞ্চলের প্রায় চার শতাধিক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিমসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























