জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে। সোমবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই প্রশংসা ব্যক্ত করেন। বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
বৈঠকে হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত বিভিন্ন প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন অতুল খারে। এছাড়া মিশনে বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবেশগত টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন এবং এই খাতে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জাতিসংঘের সঙ্গে কাজ করতে চায়। এছাড়া ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 




















