সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে চা-বাগান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত শিক্ষার্থীরা হলো— নয়াবস্তী গ্রামের সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের জয় (১৬)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পরীক্ষা শেষ করে তিন বন্ধু মোটরসাইকেলে করে জাফলং চা-বাগানে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই সাকিব প্রাণ হারায় এবং গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























