বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের মতো ছোট দলের বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনাকে। ৩-২ গোলের নাটকীয় এই জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেললেও দলের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করতে ভুলেননি কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি স্পষ্ট জানিয়েছেন, জয় এলেও দলের ভেতরে বেশ কিছু ভুল ছিল, যা নিয়ে তিনি ফুটবলারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।
সংবাদ সম্মেলনে স্কালোনি প্রতিপক্ষ কেপ ভার্দের ভূয়সী প্রশংসা করে বলেন, আধুনিক ফুটবলে কোনো দলই সহজ নয়। মাঠের লড়াইয়ে তারা প্রমাণ করেছে কেন তারা বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও দমে না যাওয়ার যে মানসিকতা তার শিষ্যরা দেখিয়েছেন, সেটিকে তিনি সবচেয়ে বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
আর্জেন্টিনার ডাগআউটে এটি ছিল স্কালোনির শততম ম্যাচ। নিজের এই মাইলফলক ছোঁয়ার দিনে পরাজয় বরণ করতে হলে সেটি অত্যন্ত বেদনাদায়ক হতো বলে স্বীকার করেন তিনি। অতিরিক্ত সময়ে স্নায়ুচাপ সামলে জয় ছিনিয়ে আনা খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কালোনি জানান, এই জয় তাদের মানসিকভাবে আরও শক্তিশালী করবে।
রিপোর্টারের নাম 
























