পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর শহরটি দখল করাকে রাশিয়ার জন্য একটি বড় সামরিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনকালে তিনি শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির খোঁজ নেন।
রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, কোস্তিয়ানতিনিভকা ছিল ইউক্রেনের অন্যতম প্রধান প্রতিরক্ষা ঘাঁটি। এটি দখলের ফলে ওই অঞ্চলের পরিবহন ও শিল্পকেন্দ্রগুলোর ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ আরও মজবুত হবে। পুতিন মনে করেন, ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় সীমান্ত এলাকায় নিরাপত্তা বলয় আরও বিস্তৃত করা প্রয়োজন।
অন্যদিকে, ইউক্রেন এখন পর্যন্ত এই শহরটি হাতছাড়া হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সামরিক বিশ্লেষকদের মতে, স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের মতো বড় শহরগুলোর সুরক্ষায় কোস্তিয়ানতিনিভকা শহরের ভূমিকা ছিল অপরিসীম। শহরটি পতনের ফলে ওই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















