ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত এই ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকবইতে স্বাক্ষর করেন।
সফরকালে স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়াগুলো সংলাপের মাধ্যমে সফল হবে। বৈঠকে তিনি ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
কূটনৈতিক আলোচনার পাশাপাশি স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন। উক্ত বৈঠকে ইরানি ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেট খেলার প্রসারে বাংলাদেশের কারিগরি ও প্রশিক্ষণগত সহায়তা কামনা করেন। দুই দেশের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 





















