বিগত ১৭ বছরে সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের শিকার হওয়া ১৫০ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী থেকে অনিয়মতান্ত্রিকভাবে অবসরপ্রাপ্ত, অপসারিত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের এই সুবিধার আওতায় আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা এই ক্ষতিপূরণ ও পদোন্নতি পাবেন। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের পদমর্যাদা অনুযায়ী বকেয়া বেতন-ভাতা, পেনশন এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা লাভ করবেন। এছাড়া বিশেষ ক্ষেত্রে কর্মকর্তাদের জন্য অতিরিক্ত আর্থিক প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। তাকে ২০০৯ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাকে ২০১১ সাল থেকে মেজর জেনারেল এবং ২০১৪ সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে অবসরের সুবিধা দেওয়া হয়েছে। তিনি ১ কোটি টাকার বিশেষ প্রণোদনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও যোগ্যতা অনুযায়ী তাকে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুনরায় নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 





















