আওয়ামী লীগের দেখানো দখলদারিত্ব ও দুর্নীতির পথে হাঁটলে বিএনপিতে কারও জায়গা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি স্পষ্ট করে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজিতে লিপ্ত হয়, তবে তার দায়ভার বিএনপি নেবে না। একইসঙ্গে সরকারি কৃষিঋণ ও উন্নয়ন প্রকল্পের সুফল যেন প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসনের জবাবদিহিতার দাবি জানান তিনি।
শুক্রবার বিকেলে খুলনার রূপসা মডেল মসজিদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেলাল বলেন, গত ১৭ বছর ধরে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ দেশে যে দখলদারিত্বের সংস্কৃতি তৈরি করেছিল, বিএনপির কোনো নেতাকর্মী যদি সেই একই পথে হাঁটে, তবে তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না।
বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তাই কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এছাড়া রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























