চট্টগ্রামের ফটিকছড়িতে এক পোল্ট্রি ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ এমন গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডলু পাড়া এলাকার পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বাড়ি লক্ষ্য করে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। ঘটনার সময় ব্যবসায়ী লিটন ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে আচমকা গুলির শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তিনি কাউকে চিনতে পারেননি এবং তারা সংখ্যায় কতজন ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আবছার জানান, গুলিবর্ষণের পর গ্রামবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























