দেশের এতিম, দুস্থ ও অবহেলিত শিশুদের সার্বিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার চট্টগ্রামে বিভিন্ন শিশু প্রতিষ্ঠান ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি, ক্রীড়াসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
মন্ত্রী বলেন, সমাজে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাদের উপযুক্ত শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনাই বর্তমান সরকারের লক্ষ্য। এই মহৎ লক্ষ্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দুস্থ নারী, গর্ভবতী ও অসচ্ছল মায়েদের সহায়তার ক্ষেত্রে উপকারভোগী নির্বাচনে অনিয়ম বন্ধ করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের প্রতি মাস বা তিন মাস পর পর তালিকা হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে কোনো রাজনীতি বা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। একমাত্র বিবেচ্য বিষয় হবে নারী প্রকৃত অর্থেই দুস্থ বা গর্ভবতী কিনা।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আত্মকর্মসংস্থানের জন্য প্রদত্ত ক্ষুদ্রঋণ পরিশোধের হার ৮২ শতাংশ হওয়ায় মন্ত্রী নারীদের এই চমৎকার ঋণ পরিশোধের মানসিকতা ও সততার ভূয়সী প্রশংসা করেন। তিনি নারীদের এ ঋণ গ্রহণে উৎসাহিত করার জন্য সবাইকে আহ্বান জানান। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সকালে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রৌফাবাদ সরকারি শিশু পরিবার (বালিকা), ছোটমনি নিবাস এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিশুদের খোঁজখবর নেন এবং চারজন মেধাবী শিশুর হাতে মেধাবৃত্তির চেক তুলে দেন। পরবর্তীতে মন্ত্রী চট্টগ্রামের রাউজানে প্রস্তাবিত ‘শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)’-এর নির্ধারিত স্থান পরিদর্শন করেন, যা প্রায় দুই একর জায়গার ওপর গড়ে তোলা হবে বলে জানান।
রিপোর্টারের নাম 
























