যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বাহরাইনে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপকে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই সংলাপের কঠোর সমালোচনা করে বলেছেন, হরমুজ প্রণালী মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে নয়, বরং ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ছত্রছায়ায় মধ্যপ্রাচ্যে কোনোভাবেই নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।
গারিবাদি সামাজিক মাধ্যম ‘এক্সে’ দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘হরমুজের সংজ্ঞা ইরানের নিয়ন্ত্রণে, সেন্টকমের (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড) অধীনে নয়।’ তিনি আরও বলেন, ‘বাহরাইনের সামরিক শীর্ষ সম্মেলন পারস্য উপসাগরের জন্য আইনি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না।’
গারিবাদি জোর দিয়ে বলেন, ‘এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে হস্তক্ষেপ বন্ধ করতে হবে, এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে, দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় কোনো নিরাপত্তা প্রতিষ্ঠা হবে না।’
তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন ও সিরিয়াসহ ১২টি দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইনে বৈঠক করেছেন এবং হরমুজ প্রণালির মাধ্যমে ‘বাণিজ্যের অবাধ প্রবাহের প্রতি তাদের অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 






















