২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা বরাদ্দ পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনটি মনে করে, গবেষণা তহবিল সরাসরি বিশ্ববিদ্যালয়কে না দিয়ে ইউজিসির মাধ্যমে পরিচালনা করলে দেশের শীর্ষ এই বিদ্যাপীঠের শিক্ষা ও গবেষণার স্বায়ত্তশাসন খর্ব হবে এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতা বাড়বে।
বুধবার এক যৌথ বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, প্রথাগতভাবে গবেষণা অনুদান বিশ্ববিদ্যালয়ের বাজেটের অংশ হিসেবে বরাদ্দ দেওয়া হতো। এর ফলে বিশ্ববিদ্যালয় নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু নতুন এই সিদ্ধান্তের ফলে গবেষণা প্রকল্পের অনুমোদন ও অর্থছাড়ে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হবে, যা গবেষকদের নিরুৎসাহিত করবে এবং সার্বিকভাবে গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩টি গবেষণা কেন্দ্র ও ব্যুরোর কার্যক্রম এই সিদ্ধান্তের ফলে অনিশ্চয়তার মুখে পড়বে। এর নেতিবাচক প্রভাব শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সুনামকেও ক্ষতিগ্রস্ত করবে। সাদা দল অবিলম্বে পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে।
রিপোর্টারের নাম 






















