পিরোজপুরের কাউখালীতে অষ্টম চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও রেস্টুরেন্ট উচ্ছেদ করেছে প্রশাসন। সরকারি জমি ও নদী দখল করে কংক্রিটের ঢালাই এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল, যা ওই এলাকার পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করছিল।
স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হওয়ার পর কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান দখলদারদের সময় দিয়ে নোটিশ জারি করেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, দক্ষিণ অঞ্চলের অন্যতম দৃষ্টিনন্দন বেকুটিয়া সেতুটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণের পাঁয়তারা করছিল। ইউএনও আসাদুজ্জামান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বেকুটিয়া সেতু পর্যটন এলাকা হওয়ায় এখানে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না এবং সরকারি জমি রক্ষায় প্রশাসন সজাগ থাকবে।
রিপোর্টারের নাম 






















