সিন্ধু পানি চুক্তির আওতায় প্রাপ্য পানির অংশ ভারত যদি নিয়ন্ত্রণ বা বন্ধ করার চেষ্টা করে, তবে সেই ‘হাত কেটে ফেলা হবে’ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মালিক এই মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তান কেবল ঘোষণা দিতে জানে না, প্রয়োজনে তা বাস্তবায়ন করেও দেখাতে পারে।
সম্প্রতি ভারতের পানিসম্পদ মন্ত্রী সি আর পাতিল বলেছিলেন যে, সিন্ধু পানি চুক্তি স্থগিত হওয়ার পর পাকিস্তানে ‘এক ফোঁটা পানিও’ যেতে না দিতে ভারত কাজ করছে। এর পাল্টা জবাব হিসেবে মুসাদিক মালিক বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী আকাশযুদ্ধেও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। তিনি মনে করিয়ে দেন যে, দেশটির প্রায় অর্ধেক মানুষ কৃষিকাজের জন্য এই পানির ওপর সরাসরি নির্ভরশীল। ফলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হলে পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়বে।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, যা বিশ্বের অন্যতম সফল নদী বণ্টন চুক্তি হিসেবে বিবেচিত। তবে গত বছর কাশ্মীরে এক হামলার ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এই চুক্তি স্থগিত করে। এরপর থেকেই দুই প্রতিবেশীর মধ্যে পানি বণ্টন নিয়ে কূটনৈতিক উত্তেজনা নতুন করে তুঙ্গে উঠেছে।
রিপোর্টারের নাম 
























