সাতক্ষীরার তালা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র কুশল রায় সরদার (১৩) নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে বৃষ্টির মধ্যে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা সদর ইউনিয়নের শাহপুর বাজারে ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল রায় সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কানাই লাল সরদার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। চাকরির সুবাদে তারা চুকনগরে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর সবুরের ভাষ্যমতে, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 






















