ফেনীর মহিপালে জুলাই আন্দোলনের পৃথক চারটি হত্যা মামলায় ভার্চুয়ালি শুনানিতে অংশ নিয়ে এক পুলিশ সদস্যকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার ফেনী সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান তাকে ওই চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, নিরাপত্তাজনিত কারণে মাসুদ উদ্দিন চৌধুরীকে সরাসরি আদালতে হাজির না করে পূর্বের আদালতের অনুমতি অনুযায়ী ভার্চুয়ালি যুক্ত করা হয়েছিল। চারটি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে উপস্থিত থেকে গ্রেপ্তার দেখানোর আবেদন ও মামলার অগ্রগতি তুলে ধরেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, তদন্তকারী কর্মকর্তারা বক্তব্য দেওয়ার একপর্যায়ে মাসুদ উদ্দিন চৌধুরী উত্তেজিত হয়ে বলেন, “এখন ক্ষমতা আছে, গ্রেপ্তার দেখান। আমরাও এটার শেষ দেখে নেবো।” তার এই বক্তব্য তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশে হুমকিস্বরূপ ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আদালত দ্রুত তাকে চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে ভার্চুয়াল সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ ঘটনায় হুমকি দেওয়ায় হত্যা মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তাদের একজন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে থানা সূত্র জানিয়েছে। সাইদুল ইসলাম শাহী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 





















